ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় প্রায় ৩০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম ভোগান্তি নেমে এসেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মাজারসংলগ্ন এলাকায় স্থাপিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারটি খুলে নিয়ে এর ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে। পরদিন সকালে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত হন।
বিদ্যুৎ না থাকায় এলাকার ঘরবাড়ি, দোকানপাট ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানির পাম্প চালাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী বাসিন্দা রবিন মিয়া বলেন, প্রধান সড়কের পাশ থেকে ট্রান্সফরমার চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার দাবি জানান তিনি।