ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।” তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানান এবং এবারের গণভোটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, “সবাইকে মোবারকবাদ।”
এ সময় উপস্থিত ভোটার ও সমর্থকেরা প্রধান উপদেষ্টাকে ‘ঈদ মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জানান। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ভিআইপি কেন্দ্র হিসেবে পরিচিত।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হন।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।