ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪৮ জনে পৌঁছেছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও) সোমবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাবে নিহতদের মধ্যে ১৮ বছরের নিচে অন্তত ৯ জন শিশু-কিশোর রয়েছে। গত ১৬ দিনে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘এইচআরএএনএ’ রোববার জানিয়েছিল, বিক্ষোভে নিহত হয়েছেন ৫৪৪ জন এবং এ সময়ে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আইএইচআরএনজিও সতর্ক করে বলেছে, ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে তেহরানের বিভিন্ন মর্গে লাশের সারি পড়ে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দমন অভিযানের ভয়াবহতা তুলে ধরছে।
বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ একাধিক দেশ উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেত্তে কুপার সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কুপার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বন্ধ এবং মৌলিক অধিকার রক্ষার দাবি জানান। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি অভিযোগ করেন, যুক্তরাজ্য যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। একই সঙ্গে তিনি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।