Ridge Bangla

ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপটি তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়। কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। কূটনৈতিক মহলে এই অবরোধকে আলোচনা ব্যর্থ হওয়ার পরবর্তী প্রভাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৩ এপ্রিল পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টা থেকে ইরানের উপকূলীয় এলাকায় সব ধরনের জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। এর ফলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের কোনো বন্দরে কোনো দেশের জাহাজ প্রবেশ করতে পারবে না এবং সেখান থেকে বেরও হতে পারবে না।

অবরোধ জোরদার করলেও ওয়াশিংটন কিছুটা নমনীয়তা দেখিয়েছে। সেন্টকম স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ইরানের বন্দরগামী বা ইরান থেকে আসা জাহাজগুলোই এই অবরোধের আওতায় থাকবে। অর্থাৎ, অন্যান্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমা বা হরমুজ প্রণালি দিয়ে আগের মতোই চলাচল করতে পারবে।

বিশ্লেষকরা মনে করছেন, পুরো প্রণালি পুরোপুরি বন্ধ না করার মাধ্যমে ওয়াশিংটন সম্ভাব্য বৃহত্তর সামরিক সংঘাত এড়াতে চাচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন