Ridge Bangla

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত ৭, নিখোঁজ ৮২ জন

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা। টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট এই দুর্যোগে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পশ্চিম বান্দুং জেলার পাসিরলাঙ্গু গ্রামে মাউন্ট বুরাংরাং পাহাড়ের ঢাল থেকে হঠাৎ নেমে আসে প্রবল পানির স্রোত ও কাদামাটি। এতে অন্তত ৩০টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বেড়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে শনিবার সকাল থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্গম এলাকা ও টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে ভূমিধসপ্রবণ অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিক হিসাবে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টরজুড়ে বিস্তৃত। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহের জন্য পশ্চিম জাভায় ভারী বৃষ্টি ও চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে।

This post was viewed: 2

আরো পড়ুন