উত্তর ইতালির একটি জাতীয় উদ্যানে প্রায় ২১ কোটি বছর আগের ডাইনোসরের হাজার হাজার পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে। প্রত্নজীবাশ্মবিদরা বলছেন, এটি ইউরোপে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ডাইনোসর সংক্রান্ত আবিষ্কার।
গবেষকদের তথ্যমতে, পাথরে সংরক্ষিত এসব পায়ের ছাপ সমান্তরাল সারিতে সাজানো, যা একসঙ্গে অনেক ডাইনোসরের চলাচলের ইঙ্গিত দেয়। কিছু ছাপের ব্যাস প্রায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত, যেখানে স্পষ্টভাবে আঙুল ও ধারালো নখের চিহ্ন দেখা গেছে।
প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এসব ছাপ ‘প্রোসরোপড’ শ্রেণির ডাইনোসরের। এরা ছিল তৃণভোজী, দীর্ঘ গলা ও ছোট মাথাবিশিষ্ট। আত্মরক্ষার জন্য এদের ছিল শক্ত ও ধারালো নখ। বিজ্ঞানীরা মনে করছেন, এই ডাইনোসরগুলো দলবদ্ধভাবে চলাফেরা করত, যার প্রমাণ মিলেছে ছাপগুলোর বিন্যাসে।
মিলানভিত্তিক খ্যাতনামা প্রত্নজীবাশ্মবিদ ক্রিস্তিয়ানো দাল সাসো বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে আমার বসবাসের অঞ্চলেই এমন বিস্ময়কর এক আবিষ্কারের সাক্ষী হব।”
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ডাইনোসরের আচরণ, চলাচলের ধরন এবং তৎকালীন পরিবেশ সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। গবেষণা আরও এগোলে ইউরোপে ডাইনোসরের বিস্তৃতি ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।