ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন মেরি-লুইস এতা। বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিন তাঁকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে এই ইতিহাস রচিত হলো। এর আগে তিনি ক্লাবটির সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার এফসি হাইডেনহেইমের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর ইউনিয়ন বার্লিন তাদের প্রধান কোচ স্টিফেন বাউমগার্টকে অব্যাহতি দেয়। দলের এই সংকটকালীন মুহূর্তে মেরি-লুইসকে মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালে ৩৪ বছর বয়সী মেরি-লুইস প্রথম নারী সহকারী কোচ হিসেবে বুন্দেসলিগার ক্লাবটিতে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এমনকি ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন ম্যানেজার নেনাদ বিয়েলিকা তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লে ডাগআউটে দাঁড়িয়ে প্রথম নারী হিসেবে দলকে ১-০ গোলের জয় এনে দেওয়ার কৃতিত্বও তাঁর ঝুলিতে রয়েছে।