ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার স্মরণে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কটির নতুন নাম দেওয়া হয়েছে ‘আহমদ ছফা সরণি’।
রোববার (২১ নভেম্বর) উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি, আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শহরের সঙ্গে গল্প, ইতিহাস ও মূল্যবোধ যুক্ত করাও জরুরি। জুলাই পরবর্তী সময়ে আমরা ‘ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স’ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি, যাতে আগামী প্রজন্ম শহরের ভেতর দিয়েই তাদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।
তিনি আরও বলেন, দেশের জন্য যাঁরা অসামান্য অবদান রেখেছেন, তাঁদের স্মরণে বিভিন্ন স্থাপনার নামকরণ করে সেই উত্তরাধিকার সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।
ডিএনসিসি সূত্র জানায়, ‘আহমদ ছফা সরণি’ নামকরণের মাধ্যমে নগরের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে যুক্ত রাখার ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম কচি, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান, অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।