চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করার আদেশ দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ নির্দেশ দেন।
শুনানির দিন কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রধান আসামি চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়। এ সময় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিনও আদালতে উপস্থিত ছিলেন। একই মামলার আরও ২৩ জন আসামিকে আদালতে তোলা হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম জানান, আদালত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। পরবর্তী ধার্য তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
চিন্ময় দাসের পক্ষে তার আইনজীবী তার মুক্তির আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ এতে আপত্তি তোলে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে আদালতে উপস্থিত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন চট্টগ্রামের বিএনপি নেতা ফিরোজ খান। এই মামলার পর ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হলেও ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়।
২৬ নভেম্বর ওই মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে প্রকাশ্যে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।
এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। একই ঘটনায় পুলিশ ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা হয়।