সরকার সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বানও জানান তিনি।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, দেশটা সবার- এই বিশ্বাস থেকেই আমরা সবাইকে সমানভাবে দেখি ও ভালোবাসি।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ঐক্যের বার্তা দিয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ও অবকাঠামো ছিল ভঙ্গুর অবস্থায়। এছাড়া ইসরাইল-ইরান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।