বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এটি কোনো একক দল বা জোটের বিষয় নয়; বরং বাংলাদেশকে রক্ষা করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের প্রশ্ন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই যোদ্ধাদের পাশে পুরোপুরি দাঁড়ানো সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার এ বিষয়ে বড় বড় কথা বললেও বাস্তবে কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে, সেটি দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।