Ridge Bangla

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য আহত: ডিএমপি

হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ডিএমপির বিভিন্ন ইউনিটের অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট এবং একাধিক কনস্টেবল রয়েছেন। অধিকাংশের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজন পুলিশ সদস্যের মাথায় সেলাই দিতে হয়েছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, ইনকিলাব মঞ্চের জাবেরসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এসব তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা আমাদের নজরে এসেছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশের কয়েকজন সদস্যের পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন