Ridge Bangla

আদানির সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের (জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) সময় ভারতের আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পুনর্বিবেচনা করছে সরকার।

আজ (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এ সময় অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই চুক্তি পর্যালোচনা করতে আইনজীবী, জ্বালানি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদসহ অনেককে নিয়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।

ওই কমিটির প্রতিবেদনে এই চুক্তিতে অস্বাভাবিকতা ধরা পড়ায় চুক্তিটি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার। এক্ষেত্রে সরকার দুটি পদ্ধতি অবলম্বন করতে পারে। প্রথমত, চুক্তির অস্বাভাবিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া। দ্বিতীয়ত, চুক্তিটি নিয়ে সরাসরি আদানির সঙ্গে আলোচনায় বসা।

উল্লেখ্য, ২০১৭ সালে আদানির সঙ্গে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। চুক্তিটির আওতায় ভারতের ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। তবে শুরু থেকেই চুক্তিটির বিভিন্ন শর্ত ও বিদ্যুতের দাম নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

This post was viewed: 3

আরো পড়ুন