আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
বিজয়ের এই দিনে দেশজুড়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ গঠনে ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানান।
বিজয় দিবস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।
বিশেষ আয়োজনের অংশ হিসেবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট এবং বিজয় দিবসের ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। এছাড়া ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ প্রদর্শনের মাধ্যমে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে।
সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন।