জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সাভার ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে আয়োজিত নিরাপত্তা ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তিন হাজার ৩০০-এর বেশি ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে না যাওয়া পর্যন্ত এই নিরাপত্তা বলয় কার্যকর থাকবে।
প্রধানমন্ত্রীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-চন্দ্রা আঞ্চলিক সড়কে স্বল্প সময়ের জন্য যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এ সময় বিকল্প সড়ক ব্যবহারের জন্য যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান, বিভিন্ন স্থানে ফুলের চারা রোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
নিরাপত্তার স্বার্থে গত তিন দিন ধরে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই স্মৃতিসৌধটি পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।