এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে উড্ডয়ন করার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি করাচির স্থানীয় সময় রাত ১১টায় অবতরণ করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। ১৬২ আসনবিশিষ্ট এই ফ্লাইটের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই ফ্লাইট পরিচালনার আশা করা হচ্ছে।
বিমান সূত্রে জানা গেছে, এক সময় ঢাকা–করাচি রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট চললেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে দীর্ঘদিন এই রুটে কোনো সরাসরি বিমান চলাচল ছিল না। তবে রাজনৈতিক পরিবর্তন ও দুই দেশের পারস্পরিক আলোচনার পর ফের এই রুট চালুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ৭ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটের টিকিট বিক্রি শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা–করাচি–ঢাকা রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। বিপরীতে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
রাষ্ট্রীয় বিমান সংস্থার কর্মকর্তারা মনে করছেন, এই রুট পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল সহজ হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।