আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার (২১ ডিসেম্বর) সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, সিইসির সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন সিইসি। পরে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আইনশৃঙ্খলা বাহিনীর সভায় অংশ নেবেন। বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বণ্টন, টহল জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির বিষয়ও আলোচনায় আসতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে এসব বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।