Ridge Bangla

আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচন কেবল আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং পরবর্তী ৫০ বছরের রাষ্ট্রীয় দিকনির্দেশনা নির্ধারণ করবে।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তিনি বলেন, সরকার এ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না।

তিনি আরও বলেন, অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণেই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এবার জনগণ অবাধ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। জনগণ যাকে নির্বাচিত করবে, তিনিই বিজয়ী হবেন- এটাই এই নির্বাচনের মূল বার্তা।

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা জানান, এতে চারটি প্রশ্নের একটি সমন্বিত প্যাকেজ রাখা হয়েছে। যারা রাষ্ট্রীয় সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যারা সংস্কারের বিপক্ষে, তারা ‘না’ ভোট দেবেন। ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রস্তাবিত সংস্কার কার্যকর করা হবে।

জনগণই রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান শক্তি- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন