বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। এ কারণে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য তিনি ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।
সোমবার সকালে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমেদ এ বক্তব্য দেন। তিনি বলেন, “কোনো দল যদি দেশের কল্যাণের কোনো পরিকল্পনা না করে, শুধুমাত্র ধর্মের উছিলায় রাজনীতি করে, তা জনগণের স্বার্থে ক্ষতিকর। বিএনপি বিশ্বাস করে, গণতান্ত্রিক মূল্যে দেশকে এগিয়ে নিতে হলে দেশের মানুষের ভোট ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আগামী নির্বাচনে দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই লক্ষ্য সামনে রেখে সংবিধানে সংশোধনী আনা হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করা সম্ভব হবে।”
এদিন নির্বাচনী পথসভায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।