চট্টগ্রাম নগরে সাম্প্রতিক সময়ে একের পর এক খুন, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগের প্রেক্ষিতে কঠোর নির্দেশ জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি আগ্নেয়াস্ত্র বহনকারী বা অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে সিএমপির সব ইউনিটে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়। কমিশনার বলেন, “শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।” তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই নির্দেশ নিরস্ত্র সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সিএমপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, টহল ও অভিযানে অংশ নেওয়া সদস্যদের শিশা শটগান, দুটি গ্যাস গান ও নাইন এমএম পিস্তল বহনেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের স্থায়ী চেকপোস্টের সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশ দেন কমিশনার।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন এবং এরশাদ উল্লাহ আহত হন। পরদিন একই এলাকায় এক প্রতিবন্ধী রিকশাচালক গুলিবিদ্ধ হন। এসব ঘটনার পরই সিএমপি কমিশনার নতুন করে কঠোর নির্দেশনা জারি করেন।