Ridge Bangla

অসম্পূর্ণ সিনেমা রঙ্গনা ইউটিউবে প্রযোজক–পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ শাবনূরের

দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করলেও ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে সমান প্রিয়। অভিনয়ে অনিয়মিত হলেও নতুন কাজের ঘোষণায় ভক্তদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয় প্রায়ই। গত বছর ‘রঙ্গনা’ সিনেমার মহরতে অংশ নিয়ে তিনি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দেন। পুবাইল ও ঢাকার বিভিন্ন স্থানে ছবিটির অধিকাংশ শুটিংও সম্পন্ন করেন তিনি।

তবে বাকি শুটিংয়ের আগেই দেশে ফেরা হয়নি অভিনেত্রীর। এ অবস্থায় পরিচালক আরাফাত হোসেন ও প্রযোজক মৌসুমী মিথিলার উদ্যোগে সিনেমাটির শুটিং করা অংশ ইউটিউবে প্রকাশ করা হলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শাবনূর। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, এটি সম্পূর্ণ অপেশাদার আচরণ এবং তার অনুমতি ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া শিল্পীর প্রতি অসম্মানের শামিল।

শাবনূর বলেন, মহরত শেষে প্রচণ্ড গরমের মাঝেও কয়েক দিন শুটিং করেন তিনি। প্রযোজকের সঙ্গে তার চুক্তি ছিল দেশে ফিরে বাকি অংশ শেষ করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। কিন্তু তার বিনা অনুমতিতে অসম্পূর্ণ ফুটেজ অনলাইনে ছাড়ায় তিনি বিস্মিত ও ক্ষুব্ধ।

তিনি অভিযোগ করেন, শুরু থেকেই প্রযোজনা–পরিচালনায় অব্যবস্থাপনা ছিল স্পষ্ট। নিম্নমানের পোস্টার প্রকাশ, শুটিং ইউনিটের বিশৃঙ্খলা, বিদেশে শুটিং ও এডিটিংয়ের প্রতিশ্রুতি ভঙ্গ- সব মিলিয়ে এক গভীর হতাশার অভিজ্ঞতা হয়েছে তার জন্য। শাবনূর জানান, তিনি কখনোই ‘রঙ্গনা’ থেকে সরে যাওয়ার কথা বলেননি। তবু তার অনুপস্থিতিতে ক্লিপ প্রকাশ এবং পুরোনো দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিংয়ের প্রস্তাব- এসবই অগ্রহণযোগ্য।

This post was viewed: 25

আরো পড়ুন