১৯৭২ সালের নাসার অ্যাপোলো-১৭ মিশনের পর পেরিয়ে গেছে ৫৩ বছর। এই সময়ের মধ্যে মানুষ আর চাঁদের পথে রওনা হয়নি। অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নাসা কর্তৃক ঐতিহাসিক আর্টেমিস-২ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে সেই অপূর্ণতা ঘুচেছে বিশ্ববাসীর।
ফ্লোরিডার স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস-২ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এই অভিযানের মাধ্যমে চার মহাকাশযাত্রী চাঁদের চারপাশ প্রদক্ষিণের এক ঐতিহাসিক যাত্রায় অংশ নিচ্ছেন।
এই অভিযানে অংশ নেওয়া চার সদস্য হলেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন। তারা চাঁদের চারপাশে প্রায় ১০ দিন অবস্থান করে প্রদক্ষিণ করবেন, যা মানুষকে গত কয়েক দশকের মধ্যে মহাকাশে সবচেয়ে দূরবর্তী স্থানে নিয়ে যাবে।