বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এক অভিযানে দুইটি ড্রেজার ও দুইটি নৌযান জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধের মাধ্যমে তারা মুক্তি পেয়েছেন।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন, জামাল শেখ, সুলতান হাওলাদার ও মো. সোহেল। তারা জব্দকৃত নৌযানগুলোর চালক হিসেবে দায়িত্বে ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম জানান, অভিযানের সময় দেখা যায় ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু তুলে নৌযানে ভরাট করা হচ্ছিল, যা সম্পূর্ণ অবৈধ। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত নৌযানগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের জিম্মায় রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর এবং ভবিষ্যতে বালু উত্তোলনে জড়িত না থাকার শর্তে নৌযানগুলো ফিরিয়ে দেওয়া হবে।