Ridge Bangla

অক্টোবরে বিজিবি কর্তৃক প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২৬২ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রূপা, প্রায় ৩৪ হাজার শাড়ি ও ২০ হাজার থ্রিপিস বা চাদর, ১৭ হাজারের কাছাকাছি তৈরি পোশাক, বিভিন্ন ধরনের কসমেটিকস, ইমিটেশন গহনা, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, জাল, মোবাইলফোন, ইলেকট্রনিকস, চশমা ও খাদ্যপণ্য।

এ ছাড়া অভিযানে দেড় হাজার গবাদিপশু, বিভিন্ন পরিবহন (ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ) এবং অস্ত্র-গোলাবারুদও জব্দ করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে চারটি দেশীয় পিস্তল, একটি রিভলভার, মর্টার সেল, হ্যান্ড গ্রেনেড ও গোলাবারুদ।

মাদকবিরোধী অভিযানে বিজিবি ১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইনসহ ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ ওষুধও জব্দ করা হয়।

অক্টোবর মাসে চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ বাংলাদেশি ও ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ৪৯৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন