নারায়ণগঞ্জের খামারে থাকা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হওয়ার পাশাপাশি এবার আমেরিকা ও ইরানের যুদ্ধের মধ্যেও পদার্পণ করেছে। মহিষটিকে ঘিরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছে ইরানের রাশিয়ায় অবস্থিত দূতাবাস।
সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আলোচিত এই মহিষটির একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিয়ে রসিকতা করে। পোস্টে তারা লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।’
রুশ সংবাদমাধ্যম আরটির প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়, মহিষটিকে দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় করছেন। এতে তার খাবারের আগ্রহও কিছুটা কমে গেছে বলে উল্লেখ করা হয়।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির সোনালি চুল ও চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মিল থাকায় তার ছোট ভাই মজা করেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রেখেছেন। তিনি বলেন, মহিষটি স্বভাবগতভাবে বেশ শান্ত।
বাংলাদেশের এই ট্রাম্প মহিষ নিয়ে ইতোমধ্যে রয়টার্স, এএফপি ও টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।