Ridge Bangla

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় ৫ পুলিশ সদস্য ও এক শিশুর প্রাণহানি

গাজার উত্তরাঞ্চলের আত-তওয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ সদস্য ও ১৩ বছর বয়সী এক শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার পুলিশ জানিয়েছে, পুলিশ পোস্টটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্যরা নিহত হন। এ সময় কাছাকাছি অবস্থান করা এক শিশুও প্রাণ হারায়।

স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে চালানো এসব হামলায় এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির সময়ও শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে, খাদ্য ও ওষুধের সংকটের কারণে গাজার শিশুদের মধ্যে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বাড়ছে। এমন অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

This post was viewed: 10

আরো পড়ুন