ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার সকাল থেকে এ কর্মসূচি কার্যকর হয়। এর আগে শনিবার রাতে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতির ঘোষণা দেয়।
সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু প্রস্তাব চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে।
একই সঙ্গে চিকিৎসকদের বেতন, নিরাপত্তা, প্রশিক্ষণ ও চাকরির বিভিন্ন বিষয়ে দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থাকায় তারা এ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত প্রস্তাব বাতিল, বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি কমানো, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা পুনর্বহাল এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো নির্ধারণ।